গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৪:০৫
ছবি : সংগৃহীত।
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে।
এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
রোববার (১৭ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার (১৬ নভেম্বর) গাজা জুড়ে চালানো হামলায় কমপক্ষে আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম আনদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বিমান হামলায় তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জরুরি চিকিৎসার জন্য আহতদের আল-আহলি ব্যাপটিস্ট এবং কামাল আদওয়ান হাসপাতালসহ নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বেইত লাহিয়া এবং জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর তীব্র আর্টিলারি শেলিংয়ের কথা জানিয়েছেন এবং হামলায় পশ্চিম জাবালিয়ায় কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে।
চিকিৎসকের বরাত দিয়ে আনাদোলু আরও জানিয়েছে, গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলার পর একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে শনিবার সর্বশেষ এই হামলার পর গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৩ হাজার ৬০১ জন ব্যক্তি আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
এসবি

