করোনা ভাইরাসের সম্ভাব্য উৎস ‘ল্যাব’ : সিআইএ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:১২
ছবি : সংগৃহীত
করোনা ভাইরাস মহামারির উৎপত্তি প্রাকৃতিক সংক্রমণ নয়, বরং দুর্ঘটনাবশত চীনের ‘ল্যাব লিক’ থেকে হয়ে থাকতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ)।
শনিবার (২৬ জানুয়ারি) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, করোনা মহামারির উৎপত্তি হিসেবে ‘ল্যাব লিক’ তত্ত্বের পক্ষে সিআইএর পদক্ষেপ নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয় বরং বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটির বিশ্লেষণে করোনা প্রাদুর্ভাবের আগে চীনের উহানের উচ্চ-সুরক্ষা বিশিষ্ট পরীক্ষাগারগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে।
সিআইএর একজন মুখপাত্র জানান, সম্ভাব্য অন্যান্য সম্ভাবনাগুলোও দেখা হচ্ছে এবং সংস্থাটি যে কোনও বিশ্বাসযোগ্য নতুন তথ্য যাচাই করছে।
প্রসঙ্গত, করোনা ভাইরাস সংক্রমিত কোন প্রাণী থেকে মানুষের সংস্পর্শে এসেছিল কিনা বা চীনের ল্যাব থেকে কোন দুর্ঘটনার কারণে ছড়িয়েছিল কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে সিআইএ।
সিআইএ’র নতুন পরিচালক জন র্যাটক্লিফ দীর্ঘদিন ধরে বলে আসছেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একটি লিক থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।
শুক্রবার (২৪ জানুয়ারি) র্যাটক্লিফ একটি সাক্ষাৎকারে জানান, মহামারির উৎস নিয়ে জনগণের মতামত ও মূল্যায়ন প্রকাশ করা তার প্রাথমিক অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম ছিল।
এসবি

