মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার সেবা
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৭
কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন দুই দিনব্যাপী মন্ট্রিয়লে কনসুলার সেবা শুরু করেছে।
শনিবার (১৬ নভেম্বর) কানাডার স্থানীয় সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বাংলাদেশ অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার ১২৪০ রু আইল্যান্ডের একটি চার্চের হলরুমে সেবা প্রদান করা হয়।
প্রথমদিন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ারমেন্ট ( এনভিআর )-সহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন।
রবিবার (১৭ নভেম্বর) একই স্থানে একই সময়ে কনসুলার সেবা প্রদান করা হবে।
অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এ কার্যক্রম পরিচালনা করছে।
হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের (সিল) ওপর হাতে লিখে সেটি প্রদান করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এ সংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সাথে সাথেই প্রদান করা হচ্ছে। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবা গ্রহিতাদের।
কনসুলার সেবা নিতে আগতরা জানান, দক্ষতা, আন্তরিকতা ও দ্রুততার সাথে হাইকমিশনের কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা প্রদান করছেন।
এলএন/এমইউ

