কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:২৫
ছবি : সংগৃহীত
বিতাড়িত অভিবাসীদের প্রত্যাবাসন ফ্লাইট ফিরিয়ে দেওয়ায় কলম্বিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে এ কথা জানান তিনি।
সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে যে বিপুল সংখ্যক অবৈধ অপরাধীদের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দুটি প্রত্যাবাসন ফ্লাইটকে কলম্বিয়ায় অবতরণের অনুমতি দেওয়া হয়নি।’
ট্রাম্প বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রে আসা কলম্বিয়ার সব পণ্যের ওপর ২৫ শতাংশ জরুরি শুল্ক আরোপ করবেন, যা এক সপ্তাহ পর দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কলম্বিয়ার কর্মকর্তাদের পাশাপাশি সমস্ত মিত্র এবং সমর্থকদের দেওয়া মার্কিন ভিসা অবিলম্বে বাতিল করা হবে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বিতাড়িত কলম্বিয়ানদের বহনকারী মার্কিন সামরিক বিমান আটকে দেয়ার ঘোষণা দেয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে প্রেসিডেন্ট পেত্রো জানান, ‘একজন অভিবাসী অপরাধী নয় এবং তাকে অবশ্যই মর্যাদার সাথে আচরণ করতে হবে যা প্রতিটি মানুষের প্রাপ্য। এ কারণেই আমি কলম্বিয়ার অভিবাসীদের বহনকারী মার্কিন সামরিক বিমানগুলো ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছি।’
এদিকে অভিবাসীদের পক্ষে মার্কিন সমর্থকরা যুক্তি দেখিয়েছেন যে, আশ্রয়প্রার্থী ব্যক্তিরা অনিয়মিত অভিবাসী- অপরাধী নয়, ট্রাম্প এই শব্দটি হবু অভিবাসীদের নিন্দা করার জন্য ব্যবহার করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের মধ্যে জাতীয় সুরক্ষার ভিত্তিতে কলম্বিয়ার সমস্ত নাগরিক এবং কার্গোর বর্ধিত শুল্ক এবং সীমান্ত সুরক্ষা পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি কলম্বিয়ার ওপর জরুরি ট্রেজারি, ব্যাংকিং ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করবেন।
ট্রাম্পের মতে, অভিবাসীদের ফ্লাইট ফিরিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিপন্ন হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, ‘এই পদক্ষেপগুলো কেবল শুরু।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা কলম্বিয়ার সরকারকে অপরাধীদের গ্রহণ ও প্রত্যাবর্তনের বিষয়ে তার আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করতে দেব না।’
এসবি

