Logo

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত ২২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৩

অ
লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত ২২

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে বাসিন্দারা তাদের নিজ এলাকায় ফেরার চেষ্টাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২২ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছিল। তারা জানায় আইতারুন শহরে তিনজন, হুলায় তিনজন, মারকাবায় চারজন এবং মায়েস আল-জাবালে দুজন নিহত হয়েছেন। এছাড়া আল-আদিসা, ব্লিদা, ফারকিলা ও দাহিরায় একজন করে মৃতের খবর পাওয়া গেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে নিজেদের এলাকায় ফেরার চেষ্টাকারীদের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।

রোববার দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের ৬০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে অবস্থান করার পর এই উত্তেজনা বৃদ্ধি পায়।

প্রসঙ্গত, ইসরায়েল ও লেবাননের মধ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যা ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েল ও লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটায়।

এই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েলকে পর্যায়ক্রমে ব্লু লাইনের দক্ষিণে এবং লেবাননের সেনাবাহিনীকে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবাননে মোতায়েন করতে হবে।

এদিকে, লেবাননের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সামরিক বাহিনীর জারি করা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দক্ষিণ লেবাননের বাসিন্দাদের 'ধৈর্য্য ধরার এবং সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখার' আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হতে পারে না এবং আপনাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি।’

সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন নওয়াফ সালাম। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় লেবাননের সেনাবাহিনীর সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে প্রেসিডেন্ট আউনের সঙ্গে এক ফোনালাপে বলেন, 'লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণাঞ্চলে আমাদের জনগণকে তাদের গ্রাম ও বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তনের নিশ্চয়তা দিতে লেবাননের সশস্ত্র বাহিনীর প্রতি প্রেসিডেন্টের পূর্ণ আস্থার সঙ্গে আমিও একমত পোষণ করছি।’

দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির পৃষ্ঠপোষক দেশগুলোর নিকট ইসরায়েলকে দক্ষিণ থেকে সরে যেতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন।

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেসামরিক মানুষ নিহতের নিন্দা জানিয়ে বলেন, ‘অরক্ষিত লেবাননের নাগরিকদের রক্ত ও ক্ষত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং যুদ্ধবিরতি চুক্তির পৃষ্ঠপোষকদের অবিলম্বে পদক্ষেপ নিতে ও আমাদের ভূমি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করার জরুরি আহ্বানের প্রতিনিধিত্ব করে।’

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হুমকি প্রতিহত ও নির্মূল করতেই গুলি চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে। তারা ইসরায়েল ও লেবাননের মধ্যে বোঝাপড়া অনুযায়ী কাজ করছে।

পৃথকভাবে লেবাননের গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের দাহরা শহরে সেনা মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীসহ কমপক্ষে ৪ হাজার ৬৮ জন নিহত হয়েছেন এবং ১৬ হাজার ৬৭০ জন আহত হয়েছেন।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন