করোনা ভাইরাস ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা প্রত্যাখ্যান করল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:২৭
প্রতিকী ছবি/সংগৃহীত
সম্প্রতি করোনা ভাইরাস চীনের ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা বেশি বলে দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। তাদের এই দাবির মুখে সোমবার (২৭ জানুয়ারি) চীন জানিয়েছে, কোভিড-১৯ মহামারী ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনা 'অত্যন্ত কম'।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, 'চীন-ডব্লিউএইচও যৌথ বিশেষজ্ঞ দল প্রাসঙ্গিক ল্যাবরেটরিগুলোর সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ল্যাবরেটরি থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অত্যন্ত কম।'
তিনি যোগ করেন, 'এটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বৈজ্ঞানিক সমাজে ব্যাপকভাবে স্বীকৃত।'
এর আগে শনিবার (২৫ জানুয়ারি) সিআইএ জানায়, ভাইরাসটি প্রাণী থেকে ছড়ানোর তুলনায় চীনের একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।
জন র্যাটক্লিফ দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রশাসনের অধীনে সিআইএ পরিচালক হিসেবে নিশ্চিত হওয়ার পর কোভিড মহামারী সম্পর্কে নতুন এই মূল্যায়ন আসে।
সিআইএ-এর এক মুখপাত্র শনিবার এক বিবৃতিতে জানান, 'সিআইএ প্রতিবেদন অনুযায়ী বলা যায় যে কোভিড-১৯ মহামারীর উৎপত্তি প্রাকৃতিক উৎসের চেয়ে গবেষণা সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।'
এর আগে সিআইএ কোভিড ল্যাবরেটরি দুর্ঘটনার মাধ্যমে ছড়িয়েছে নাকি প্রাণী থেকে ছড়িয়েছে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।
এদিকে বেইজিং সোমবার যুক্তরাষ্ট্রকে 'উৎপত্তি শনাক্তকরণের বিষয়টি রাজনীতিকীকরণ ও হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করার' আহ্বান জানিয়েছে।
মুখপাত্র মাও বলেন, ‘ওয়াশিংটনের অন্য দেশগুলোর ওপর দোষারোপ ও কালিমালেপন বন্ধ করা উচিত এবং যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌক্তিক উদ্বেগগুলো নিরসনে সাড়া দেওয়া উচিত।’
এসবি

