ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে আসছেন মোদি : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:১৭
ছবি : সংগৃহীত
আসন্ন ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডা থেকে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেন, 'আজ (সোমবার) সকালে তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে। তিনি হোয়াইট হাউসে আসছেন, আগামী মাসে, সম্ভবত ফেব্রুয়ারিতে।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।’
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপের বিস্তারিত জানতে চাওয়া হলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সব প্রসঙ্গই (মোদির সঙ্গে ফোনালাপে) উঠে এসেছে।’
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মোদির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে হিউস্টনে এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে দুটি পৃথক সমাবেশে তারা হাজার হাজার মানুষের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে শেষ বিদেশ সফর ছিল ভারতে। এছাড়াও, ২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জয়ের পরে তার সাথে কথা বলা শীর্ষ তিন বিশ্ব নেতার মধ্যে মোদী ছিলেন।
এসবি

