অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৫
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব গ্রামাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ভিক্টোরিয়া রাজ্যের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় দাবানলে ৬৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে, যা প্রায় সিঙ্গাপুরের আকারের সমান। দাবানল এখন মেলবোর্ন থেকে প্রায় ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত ছোট কৃষি শহর ডিম্বুলার দিকে এগিয়ে যাচ্ছে।
প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা জেসন হেফারনান বলেন, সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজ্যটিতে তীব্র বাতাস বয়ে যাওয়ার ফলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া আগুন জাতীয় উদ্যানের ৪০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে।
প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা জাতীয় সম্প্রচারক এবিসিকে বলেন, ‘আমরা এখনও সেখানে সেই অগ্নিনির্বাপণ লাইনে কাজ চালিয়ে যাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলকর্মীরা যেখানে সম্ভব সেখানেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
হেফারনান বলেন, ‘প্রায় ১০০ জন মানুষ ডিম্বুলার বাইরে একটি উচ্ছেদ কেন্দ্রে নিবন্ধন করেছেন। যেখানে প্রায় ১ হাজার ৬০০ লোক বাস করে।’
রাজ্যের জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যদি আপনি ইতোমধ্যেই চলে না গিয়ে থাকেন, তবে, নিরাপদে সরিয়ে নেওয়ার সময় এখন শেষ হয়ে গেছে। তাই ঘরে আশ্রয় নিন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। বর্তমানে এখান থেকে বের হওয়া খুব বিপজ্জনক।’
প্রসঙ্গত, সোমবার গভীর রাতে ভিক্টোরিয়ার অন্য একটি অংশে বজ্রপাতের ফলে গ্র্যাম্পিয়ানস জাতীয় উদ্যানের জঙ্গলে ছোট গাছপালায় আগুন জ্বলে ওঠে এবং এর ফলে দাবানলের সূত্রপাত হয়।
এসবি

