মেরাজের রাতে সুরা ইসরা তিলাওয়াতের মাঝে কারীর ইন্তেকাল (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫
পবিত্র মেরাজের রাতে কোরআনে কারিম তিলাওয়াতের মাঝে ইন্তেকাল করেছেন ইন্দোনেশিয়ার এক বরেণ্য কারী। মেরাজের ঘটনা সম্বলিত ‘সুরা ইসরা’ পাঠ করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
সোমবার (২৭ জানুয়ারি) আলজাজিরা জানায়, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের একটি মসজিদে শবে মেরাজ উপলক্ষে আয়োজিত মাহফিলে ঘটনাটি ঘটে।
বরেণ্য ওই কারীর নাম তেংকু হাসবি আহমাদ। বয়স ৫৫। যে মসজিদটিতে ওই কারী ইন্তেকাল করলেন, তিনি সেখানকার একজন ইমাম। মসজিদটির নাম ‘মসজিদুল মুজাহিদীন’।
মাহফিলে উপস্থিত একজন দর্শক মোবাইল ফোনে ওই কারীর তিলাওয়াতের ভিডিও ধারণ করছিলেন। এর মাঝেই আকস্মিক তিনি পড়ে যান। ওই ভিডিওটিতে দেখা যায়- তিনি পড়ে যাওয়ার সাথে সাথেই মুসল্লিরা তার কাছে ছুটে আসেন।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, এরপর কারী তেংকু হাসবি আহমাদকে হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করে। অথচ মৃত্যুর দুই ঘণ্টা আগে মাগরিবের সময় যখন তিনি মসজিদে প্রবেশ করেন, তখনও তিনি সুস্থ ছিলেন।
সূত্র : আলজাজিরা
বিএইচ

