ভারতে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:১৯
ভারতের উত্তর প্রদেশে জৈনদের একটি ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে অন্তত ৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) হিন্দুস্তান টাইমস বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজ্যের বাগপাটে শতাধিক জৈন ঈশ্বর আদিনাথের প্রার্থনায় উপস্থিত ছিলেন। এ সময় বাঁশ ও কাঠ দিয়ে তৈরি সেখানকার মঞ্চটি ভেঙে যায়। এতেই ৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাগপাটের জেলা ম্যাজিস্ট্রেট অস্মিতা লাল জানান, আহত ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ৪০ জনের চিকিৎসার সুবন্দোবস্ত নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাদের চিকিৎসায় যেন কোনো খামতি না থাকে তার প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।
জৈনদের মতে- ঈশ্বর আদিনাথের এই প্রার্থনা অনুষ্ঠানে রীতি অনুযায়ী তাকে লাড্ডু অর্পণ করতে হয়। জৈন সন্ন্যাসীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয়। এই অনুষ্ঠান গত ৩০ বছর ধরে আয়োজিত হয়ে আসছে।
বিএইচ/

