যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলায় আহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩২
ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহর লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই হামলার মাধ্যমে আরেকটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলো ইসরায়েল।
বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 'নাবাতিয়েহ শহরে ইসরায়েলি শত্রুদের বিমান হামলায় ১৪ জন আহত হয়েছে।’
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকার আল-রাওদাত স্কুলের কাছে রাস্তায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে একটি ইসরায়েলি শত্রু ড্রোন গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এতে আরও বলা হয়, হামলায় গাড়িটি ধ্বংস হয়ে যায় এবং রাস্তায় পার্ক করা গাড়ি পোড়ানোর পাশাপাশি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তিনজন নাগরিক আহত হন।
নাবাতিয়েহ আল-ফাওকার মেয়র ইয়াসির ঘান্দৌর বলেন, 'ইসরায়েলি শত্রুরা বেসামরিক নাগরিক ও শান্তিপূর্ণ বাসিন্দাদের তাদের বাড়িঘরে টার্গেট করছে।’
তিনি বলেন, 'নাবাতিয়েহ আল-ফাওকার প্রধান সড়কে সবজি পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে ড্রোনটি হামলা চালানো হয়।’
সংস্থাটি জানায়, 'শত্রু ড্রোনটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে জাওতার-নাবাতিয়েহ আল-ফাওকা সড়কের আল-ফারাহ বিশ্রামাগারের আশেপাশে হামলা চালিয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ’প্রথম আঘাত হানার দুই কিলোমিটারেরও কম দূরত্বে নাবাতিয়েহে পিকআপ ট্রাকের ওপর হামলার পর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় হামলা।’
এর আগে ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছিল, 'নাবাতিয়েহ আল-ফাওকা শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ঘটনাস্থলে আগুনের শিখা উঠতে দেখা গেছে।’
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কথা স্বীকার করে দাবি করেছে, তারা দক্ষিণাঞ্চলীয় চাকিফ ও নাবাতিয়েহ অঞ্চলে হিজবুল্লাহ গোষ্ঠীর দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হুমকি দূর করতে দক্ষিণ লেবাননের চাকিফ ও নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর একটি ট্রাক ও অস্ত্র বহনকারী একটি অতিরিক্ত যানে হামলা চালিয়েছে।
সেনাবাহিনী আরও দাবি করেছে, অস্ত্র পরিবহনের সময় ট্রাক ও গাড়ি পর্যবেক্ষণের পর লক্ষ্যবস্তু করা হয়।
বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও, ইসরায়েলি সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, তারা ইসরায়েল ও লেবাননের মধ্যে বোঝাপড়া অনুসারে কাজ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ এবং ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য যে কোনও হুমকির বিরুদ্ধে কাজ করবে।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির বিষয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তির আওতায় রোববার (২৬ জানুয়ারি) দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের ৬০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে অবস্থান করায় উত্তেজনা বেড়েছে।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল ও লেবানন উভয়ই ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে বাসিন্দারা তাদের গ্রামে ফেরার চেষ্টা করলে রোববার থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৬ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পারস্পরিক সংঘর্ষের অবসান ঘটিয়ে ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে নারী, শিশু ও স্বাস্থ্যকর্মীসহ কমপক্ষে ৪ হাজার ৮০ জন নিহত হয়েছেন এবং ১৬ হাজার ৭৫৩ জন আহত হয়েছেন।
এসবি

