সিরিয়ার গোলান মালভূমিতে অনির্দিষ্টকালের জন্য থাকবে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬
ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে দখল করা অসামরিকীকৃত অঞ্চল থেকে সরে যাবে না এবং সেখানে অনির্দিষ্টকালের জন্য থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় ইসরায়েলি বাহিনী পরিদর্শনকালে তিনি বলেন, ‘গোলান মালভূমি ও উত্তরাঞ্চলের জনগোষ্ঠী এবং ইসরায়েলের সব বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য হারমন (জাবাল আল-শেখ) ও নিরাপত্তা অঞ্চলে থাকবে।
তিনি বলেন, 'ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা বলয়ে শত্রু বাহিনীকে নিজেদের প্রতিষ্ঠিত হতে দেবে না। আমরা যে কোনও হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইসরায়েল দক্ষিণ সিরিয়ার বন্ধুত্বপূর্ণ জনগোষ্ঠীর সাথে যোগাযোগ করবে। যাদের ইসরায়েলে আমাদের দ্রুজ ভাইদের সাথে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে।’
মঙ্গলবার সকালে সেনাবাহিনী জানায়, তারা অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির অসামরিকীকৃত অঞ্চলে সামরিক সরঞ্জাম স্থানান্তর ও স্থাপন করেছে।
প্রসঙ্গত, ইসরায়েলি সেনাবাহিনী ২০২৪ সালের ডিসেম্বরের প্রথম দিকে সিরিয়ার সাথে ১৯৭৪ সালের ডিসএনগেজমেন্ট চুক্তি লঙ্ঘন করে অসামরিকীকৃত অঞ্চল দখল করে। এই পদক্ষেপের মাধ্যমে গোলান মালভূমির উপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়।
সেসময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের তারিখ নির্দিষ্ট না করে অসামরিকীকৃত অঞ্চল দখল করা অস্থায়ী ছিল।
উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে স্বৈরশাসনের পর সিরিয়ার নেতা বাশার আল আসাদ গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের আন্দোলনের মুখে রাশিয়ায় পালিয়ে যান। এর মাধ্যমে ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটে। বর্তমানে দেশটিতে আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন প্রশাসন দেশটির শাসনব্যবস্থা পরিচালনা করছে।
এসবি

