আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল আটকে দিয়েছে সিনেট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:১৬
ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল মার্কিন সিনেটে আটকে গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিনেটরদের ‘অবৈধ আদালত কাউন্টার অ্যাকশন অ্যাক্ট’ এর পক্ষে ভোটাভুটিতে ৫৪-৪৫ ভোট পড়েছে। বিলটি পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোটের চেয়ে কম ভোট পড়ায় বিলটি সিনেটে আটকে গেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে প্রতিনিধি পরিষদে ২৪৩-১৪০ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। যা ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা তা নিয়ে সিনেটে ভোটাভুটি শুরু হওয়ার আগে সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন ডেমোক্র্যাটদের আইন পাসে সহায়তা করার আহ্বান জানান।
থুন বলেন, 'যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রকে অবৈধভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার বিষয়টিতে আমাদের সবার উদ্বিগ্ন হওয়া উচিত।’
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, ‘বিলটি তিনি ব্যাপকভাবে সমর্থন করেন এবং আইনে পরিণত হতে দেখতে চান।’
শুমার বলেন, 'আমি ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির পক্ষপাতিত্বের যতই বিরোধিতা করি, ততই চাই প্রতিষ্ঠানটির ব্যাপক সংস্কার ও পুনর্গঠন হোক, আমাদের সামনে থাকা বিলটি খারাপভাবে খসড়া করা হয়েছে এবং এটি গভীরভাবে সমস্যাযুক্ত।’
এদিকে ডেমোক্র্যাটিক সিনেটর জন ফেটারম্যান পক্ষে ভোট দিয়েছেন এবং ডেমোক্র্যাটিক সিনেটর জন ওসফ ভোট দেননি।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় ৪৭ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
অবিরাম বোমা বর্ষণ গাজার বেশিরভাগ জনগণকে বাস্তুচ্যুত করেছে, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি সৃষ্টি করেছে এবং উপত্যকাটির বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এসবি

