‘সরস্বতী পুজো বন্ধ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫
ছবি : সংগৃহীত
এবার পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের তৃণমূল নেতা সাব্বিরের বিরুদ্ধে। কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে অনুষ্ঠিতব্য সরস্বতী পূজো করতে বাধা দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
তবে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সশস্ত্র পুলিশের পাহারায় সেখানে সরস্বতী পুজো আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এ ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এসবের মাঝেই শাসকদল ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ‘কোনো ধর্মীয় নেতা নন, সরস্বতী পুজো বন্ধ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।’
শুক্রবার (৩১ জানুয়ারি) কলকাতা পুরসভার পাশে আদালতের অনুমতিতে সভা করেন শুভেন্দুবাবু। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এজিনিস চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এজিনিস চালাচ্ছে। কারণ, তার ৩০ - ৩২ শতাংশ ফিক্সড ভোটব্যাঙ্ক রয়েছে। বাকি গরিব হিন্দুদের কোথাও শওকত মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না। কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে ভোট নিচ্ছে।’
এর পরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ করেন বিরোধী এই দলনেতা। তিনি বলেন, ‘এখানে অন্য ধর্মের যে ধর্মীয় নেতারা রয়েছেন, তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রী রামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া যাবে না।’
এটিআর/

