৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনির মুক্তি, খুলল রাফাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪
ফিলিস্তিনের গাজা থেকে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার (১ ফেব্রুয়ারি) এই তিন জিম্মি মুক্তির বিপরীতে ১৮৩ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন।
তিনি ইসরায়েলি ইয়ার্দেন বিবাস (৩৪), ওফার কালডেরন (৫৩) ও কেইথ সিগেলকে (৬৫) রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইসরায়েলে পৌঁছার পর দেশটির কারাগার থেকে ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের প্রথম দল পশ্চিম তীরে পৌঁছেছেন।
গাজা ও মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং খুলে দেওয়া হয়েছে। দখলদার ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে ক্রসিংটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে নেয়। এর মাধ্যমে আবারো গাজার সাথে বর্হিবিশ্বের স্থলপথে যোগাযোগ স্থাপিত হলো।
ক্রসিং খুলে দেওয়ার পর অসুস্থ শিশুদের মিশর নিয়ে যাওয়া হয়। তারা গাজা থেকে অন্য কোনো দেশে উন্নত চিকিৎসা করাতে যাবে।
এর আগে, গাজা থেকে গত বৃহস্পতিবার ৮ জিম্মিকে মুক্তি দেওয়া হয়। যাদের তিনজন ছিলেন ইসরায়েলি ও বাকি পাঁচজন থাইল্যান্ডের নাগরিক।
- ওএফ

