ব্রিকসকে ফের শতভাগ শুল্কারোপের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আবারও ব্রিকস জোটভুক্ত দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন যে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস জোট যুক্তরাষ্ট্রের ডলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো বিকল্প মুদ্রা চালু করলে তিনি ওই দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। বৃহস্পতিবার রাতে তিনি আবারও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘ব্রিকস দেশগুলো যখন ডলার থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করছে, তখন আমরা শুধু বসে বসে চেয়ে দেখব- সেই যুগ শেষ।’
তিনি আরও বলেন, ‘আমরা এই বৈরি দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চাই যে তারা নতুন কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না এবং অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের প্রতিস্থাপক হিসেবে সমর্থন দেবে না। অন্যথায়, তারা শতভাগ শুল্কের সম্মুখীন হবে।’
- ওএফ

