মদ্যপ অবস্থায় এক বাইকে চার বন্ধু, একসঙ্গে মৃত্যু প্রত্যেকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫
ছবি : সংগৃহীত
ভারতের নদিয়া জেলায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন চার বন্ধু। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে জেলার তেহট্টে এ ঘটনা ঘটে।
এদিন রাতে বাড়ি ফেরার পথে কানাইখালি রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে নিহতদের বাইক। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দুজনও মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নিহত তরুণরা সরস্বতী পূজা উপলক্ষে করিমপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এক মদের দোকানে দাঁড়িয়ে মদ্যপান করেন। মদ্যপান শেষে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রথমে নাজিরপুর গ্রামীণ হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাকি দু'জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলেও হাসপাতালে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
মৃতদের নাম সুমন মণ্ডল (১৯), তন্ময় বিশ্বাস (২০), দ্বীপ মণ্ডল (২২) এবং মণীশ বিশ্বাস (২০)। মণীশের বাড়ি তেহট্ট থানার ছিটকা গ্রামে, বাকি তিনজনের বাড়ি আস্তুল্লানগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাইকটি দ্রুত গতিতে চালানো হচ্ছিল এবং কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম ছিল, এটি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন, দুর্ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

