Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:০১

অ
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় সোমবার (১৮ নভেম্বর) ২৪ ঘণ্টায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। স্থানীয়রা ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। 

এর আগে গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯২২ জনে। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩ হাজার ৮৯৮ জনে। 

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। 

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া গাজার ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। 

এদিকে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘ ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজায় প্রবেশের পর ১০৯টি ট্রাকের একটি ত্রাণবহরে সহিংস লুটপাট হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) এ ঘটনায় ৯৮টি ট্রাক খোয়া গেছে। গাজায় ১৩ মাসের যুদ্ধে লুটপাটের সবচেয়ে বাজে ঘটনাগুলোর এটি একটি।

এসবি
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন