সিরিয়ায় গণতন্ত্রের ভবিষ্যত সম্পর্কে জানালেন নতুন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২
নতুন সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে সংক্ষেপে কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে একটি সাক্ষাৎকার দেন তিনি। এ সময়ই মন্তব্যটি করেন নতুন সিরীয় প্রেসিডেন্ট।
মুখোমুখি প্রশ্নোত্তরে দ্য ইকোনমিস্ট সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আমার মনে পড়ে না যে, আমি কখনো আপনার মুখ থেকে ‘গণতন্ত্র’ শব্দটি শুনেছি। আসলে সিরিয়া কি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে?’
এর উত্তরে আহমেদ আল-শারা বলেন, আমাদের মধ্যে গণতন্ত্রের নানা সংজ্ঞা আছে। এর অর্থ যদি এমন হয় যে, জনগণই সিদ্ধান্ত নেবে, পার্লামেন্টে কে তাদের প্রতিনিধিত্ব করবেন এবং কে তাদের শাসক হবেন, তাহলে হাঁ। সিরিয়া সেদিকেই অগ্রসর হচ্ছে।
একই সঙ্গে সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) সিরিয়া টিভিকেও সাক্ষাৎকার দেন অভুত্থানের নেতৃত্ব থেকে প্রেসিডেন্টের আসনে বসা এই শাসক। সেখানেও সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে দারুণ কথা বলেছেন।
সিরিয়া টিভিকে তিনি বলেন, আমরা সকলে সিরিয়ার ঐক্যের ওপর জোর দিচ্ছি এবং এর যে কোনো অংশের বিভাজন বা বিচ্ছিন্নতা প্রত্যাখ্যান করছি। এজন্য অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারমূলক বিষয়ে মধ্যে অন্যতম হলো অস্ত্রের অবাধ বিচরণ সীমাবদ্ধ করা।
একই সঙ্গে সিরিয়ার আগামী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় লাগতে পারে বলেও ইঙ্গিত দেন আহমেদ আল-শারা।
বিএইচ/

