কুম্ভমেলায় এবার বেলুন দুর্ঘটনা, অগ্নিদগ্ধ ৬ পুণ্যার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩
ভারতের কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর রেশ এখনো কাটেনি। এর মধ্যেই ফের দুর্ঘটনা। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় অগ্নিদগ্ধ হলেন ৬ জন পুণ্যার্থী।
মঙ্গলবার (৪ ফ্রেব্রুয়ারি) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, কুম্ভমেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহত ছয়জনের মধ্যে দুইজন কিশোর।
ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছে। ওই বেলুনে চেপেই উড়ছিলেন তারা। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকট আওয়াজ হয়। এরপর সোজা মাটিতে আছড়ে পড়ে বেলুন। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং এতে তারা অগ্নিদগ্ধ হন। আহতদের সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার পরেই ফার্স্ট এইড দেওয়া হয়েছে আহতদের। আপাতত বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তারা। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।
-67a1ae061068c.jpg)
প্রত্যক্ষদর্শীদের মতে, বেলুন খুব বেশি উঁচুতে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে। আরও বেশি উঁচুতে বেলুনটি ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারত।
২০২৫ সালে কুম্ভমেলায় আসা পুণ্যার্থীদের আকর্ষণ করতে একগুচ্ছ অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়। জিপ লাইন, রক ক্লাইম্বিং, হট এয়ার বেলুন রাইডের ব্যবস্থা ছিল। বিশেষত হট এয়ার বেলুনে চেপে কুম্ভ পরিদর্শনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু এবার সেই বেলুনেরই দুর্ঘটনা ঘটে গেল।
বিএইচ/

