Logo

আন্তর্জাতিক

হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে হুঁশিয়ারি ড. ইউনূসের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৬

অ
হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে হুঁশিয়ারি ড. ইউনূসের

ছবি : সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলে হুঁশিয়ারি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে।’ 

রোববার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এসব কথা বলেন। 

এ সময় আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সোমবার (১৮ নভেম্বর) সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। 

সাক্ষাৎকারের বিষয়ে সংবাদমাধ্যমটি জানায়, “ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ড. ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের ১০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন।” 

সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ৫ আগস্টের ঘটনা কীভাবে প্রভাবিত করতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘কেন এটা (ভারতের জন্য ধাক্কা) হবে? বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে ভারতেরও ওই দিনটি উদযাপন করা উচিত যে, বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্ত হয়েছে যেখানে মানুষ কষ্ট পেয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ভারতের উচিত আমাদের তরুণদের যোগদান করা এবং একসাথে উদযাপন করা, যেমনটা অন্যান্য অনেক দেশ করে থাকে।’ 

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধা সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘হাসিনার ভারতে বসবাস করা, অন্তত আপাতত কোনো সমস্যা নয়। তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা। তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্মকাণ্ড। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা।’ 

তিনি আরও বলেন, ‘হাসিনা এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় বের হয়ে তার কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে বলছেন এবং তার সেই অডিও রেকর্ডও প্রচার করা হচ্ছে, তাদেরকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে (ঢাল হিসেবে) ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন, যাতে পুলিশ তাদের বাধা দিলে তারা বলতে পারে- বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করছে।’ 

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ড. ইউনূস বলেন, ‘আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করব।’ 

তবে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান গ্রহণ না করলে কী হবে এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘আপনি বলতে চাচ্ছেন- ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, এই ধরনের ধারা আছে, কিন্তু হাসিনাকে রাখতে যদি ভারত সরকার সেগুলোকে ব্যবহার করে তাহলে আমাদের (বাংলাদেশ ও ভারত) মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না। আমাদের অন্তর্বর্তী সরকার খুবই স্বল্পস্থায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু আমরা মীমাংসা করতে পারব না। কিন্তু এটা (হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি) আমাদের পরে আসা কোনো সরকারও উপেক্ষা করবে না।’ 

অন্যান্য ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্ক মসৃণভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের স্বপ্ন হলো (চলাচল ও বাণিজ্যের স্বাধীনতাসহ) ইউরোপীয় ইউনিয়নের মতো একটি সম্পর্ক কল্পনা করা। সেই দিকেই আমরা যেতে চাই। আপনি যা (জ্বালানি সংযোগ, বাণিজ্য সংযোগ) উল্লেখ করেছেন তা ভালো লক্ষণ এবং আমরা সেই দিকেই এগিয়ে যেতে চাই, তবে আমরা যা অর্জন করতে চাই তার থেকে এখনও অনেক দূরে আছি। আমরা একসাথে থাকার জন্য জন্মেছি। আমরা যমজ।’ 

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও নির্বাচনের সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘যখন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন আমাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে- আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকার হবো না, যে সরকার গঠন হবে, নির্বাচন আয়োজন করবে এবং নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। আমাদের বলা হয়েছিল, আমাদের প্রধান দায়িত্ব বাংলাদেশের সংস্কার। আমরা বেশি দিন থাকতে চাইনি, তাই আমরা এই ফর্মুলেশন নিয়ে এসেছি। নির্বাচন প্রক্রিয়া প্রথম দিন থেকে শুরু হয়েছে, তবে পৃথক প্রক্রিয়া হিসাবে সংস্কারের অন্যান্য প্রক্রিয়াও সমান্তরালভাবে চলবে। এখন, প্রথমত, আমরা নির্বাচন কমিশন তৈরি করছি, যা একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আমরা আগামী সপ্তাহের মধ্যে এটি ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্বাধীন সংস্থা গঠন করবেন। কিন্তু অন্য বেশ কিছু সংস্কার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন করতে পারবেন না- আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে কি না, বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে কিনা, মেয়াদের সীমা কী হবে থাকবে ইত্যাদি বিষয়ে সাংবিধানিক সংস্কার কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলব- নির্বাচনের জন্য ট্রেন স্টেশন ছেড়ে গেছে, কিন্তু পথ চলতে চলতে কিছুটা থামতে হবে, কারণ এটি কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেজন্য আমাদের সংস্কার কমিশনের কাছে যেতে হবে।’ 

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি, এবং বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না।’ 

তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করতে আপনার কোনো আপত্তি নেই? এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘আমি রাজনীতিবিদ নই যে- একটি দল বা অন্য দল বেছে নেবে। আমি রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি।’ এ সময়, নিজেকে কখনো রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও মন্তব্য করেন তিনি।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন