ভিপিএন হারাম নাকি হালাল, পাকিস্তানে চাঞ্চল্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৪
কাউন্সিল অব ইসলামিক আইডিওলজির চেয়ারম্যান ডা. রাগিব হোসাইন ও মাওলানা তারিক জামিল | ছবি : সংগৃহীত
রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে একাধিকবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। আর এতে দেশটিতে বেড়ে যায় ভিপিএনের ব্যবহার। ঠিক এই পরিস্থিতিতে কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি নামে একটি ধর্মীয় সংস্থা ভিপিএন হারাম ফতোয়া দেয়।
ভিপিএনকে হারাম ফতোয়া দেওয়ার যুক্তি হিসেবে সংস্থাটির বক্তব্য হলো- ভিপিএন প্রযুক্তিটি ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে। এসব ওয়েবসাইটের কনটেন্ট অশ্লীল এবং এগুলো ইসলামিক আইন অনুসারে নিষিদ্ধ। আর এসব অবৈধ বিষয়বস্তুতে প্রবেশাধিকার নিতে ভিপিএন ব্যবহার করা ইসলামিক ও সামাজিক নিয়মেরও পরিপন্থী। আর তাই ইসলামিক আইনের অধীনে তা ব্যবহার গ্রহণযোগ্য নয়।
এই ফতোয়ার পর পাকিস্তানজুড়ে শুরু হয় চাঞ্চল্য। দেশটির প্রখ্যাত ইসলামি স্কলার ও বিশিষ্ট দাঈ মাওলানা তারিক জামিল ওই ফতোয়াকে ‘সংকীর্ণ মানসিকতার ফলাফল’ আখ্যায়িত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, যদি ভিপিএন হারাম হয়, তাহলে তো মোবাইল ফোন ব্যবহারও হারাম। মোবাইলে তো ভিপিএন ছাড়াই দেখার অনেক কিছু রয়েছে।
মাওলানা তারিক জামিলের মূল বক্তব্য ছিল, যে কারণগুলো দেখিয়ে ভিপিএন হারাম ফতোয়া দেওয়া হয়েছে, ভিপিএন বাদ দিয়ে শুধু মোবাইলেও যা কিছু আছে, তাতেই তা-ও হারাম সাব্যস্ত হবে।
সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ
বিএইচ/

