Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৭

অ
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ

ছবি : সংগৃহীত।

ইসরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচস্টেইন মঙ্গলবার বৈরুতে পৌঁছেছেন। এর ঠিক এর কয়েক ঘণ্টা পরেই ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতির একটি খসড়া হিজবুল্লাহর সম্মতি পেয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যেই বৈরুতে এই সফর যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন কূটনীতির অগ্রগতি নিদর্শন বলেই মনে করা হচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) লেবানন সরকারের একজন কর্মকর্তা এবং হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, ‘লেবানন সরকার এবং হিজবুল্লাহ উভয়ই গত সপ্তাহে লিখিতভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে এবং প্রস্তাবটির বিষয়ে কিছু মন্তব্য করেছে।’

যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তে বলা হয়েছে, হিজবুল্লাহকে লেবানন-ইসরায়েল সীমান্ত এবং লিতানি নদীর (যা সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার উত্তর পর্যন্ত চলে) মধ্যে কোনো অস্ত্রধারী উপস্থিতি রাখতে হবে না।

তবে ইসরায়েলের দিক থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে লেবানন সংসদের স্পিকার নাবিহ বেরির সহকারী আলী হাসান খলিল জানান, ‘লেবানন ইতিবাচকভাবে লিখিত আকারে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা যেসব মন্তব্য পেশ করেছি তা জাতিসংঘের রেজল্যুশনের ১৭০১-এর সব বিধানের সঙ্গে সুনির্দিষ্ট আনুগত্য নিশ্চিত করে।’ 

এর আগে রেজল্যুশন ১৭০১ এর মাধ্যমে ২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পূর্ববর্তী যুদ্ধের অবসান ঘটেছিল।

এদিকে লেবানন ইসরায়েলের বিরুদ্ধে তার আকাশসীমায় যুদ্ধবিমান উড্ডয়নসহ বিভিন্ন নীতি লঙ্ঘনের অভিযোগ করেছে। বৈরুত এবং হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলিতে বোমাবর্ষণ বৃদ্ধির উল্লেখ করে খলিল বলেন, ‘ইসরায়েল আগুনের মধ্যেই আলোচনার চেষ্টা করছে।’ 

অপরদিকে লেবাননে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কথা হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

সোমবার তেল আবিবের সংসদে নেতানিয়াহু বলেন, দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবেন তার সেনারা। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন