Logo

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে অধিকারের দাবিতে মাওরিদের বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৫৮

অ
নিউজিল্যান্ডে অধিকারের দাবিতে মাওরিদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত।

অধিকার আদায়ের দাবিতে নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের হাজারো মানুষ মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশটির রাজধানী ওয়েলিংটনের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। দেশটির প্রতিষ্ঠাকালীন চুক্তির সংজ্ঞায় পরিবর্তন আনার জন্য রক্ষণশীলদের চাপের প্রতিবাদে রাজপথে নেমে আসেন তারা। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

নিউজিল্যান্ডের পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওয়েলিংটনের পোতাশ্রয়ের পাশের সড়কে আজ ৩৫ হাজারের বেশি মাওরি বিক্ষোভ করেন। এ সময় তারা মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে যান। এর ফলে ওই এলাকার ব্যস্ত সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এ সময় উদাম গায়ে মাওরিদের ঐতিহ্যবাহী পালকের পোশাক পরে পুরুষেরা মিছিলে অংশ নেন। অনেকে ঘোড়ায় চড়ে আসেন। সঙ্গে ছিল লাল-সাদা-কালোর মিশেলে মাওরিদের পতাকা। মুখে মাওরিদের ঐতিহ্যবাহী ‘মোকো’ ট্যাটু একে অনেক শিশুও মিছিলে অংশ নেয়। বিক্ষোভকারীরা সঙ্গে মাওরিদের ঐতিহ্যবাহী কাঠের তৈরি অস্ত্র নিয়ে এসেছিলেন। 

মিছিলে নিক স্টুয়ার্ট নামের একজন জানান, ‘পুরো পরিবেশটি খুব সুন্দর। সবাই হেঁটে হেঁটে এখানে সমর্থন জানাতে এসেছেন। এটা খুবই শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল একটি আয়োজন।’ 

প্রসঙ্গত, নিউজিল্যান্ডে ক্ষমতাসীন রক্ষণশীল জোটের অংশীদার ছোট একটি রাজনৈতিক দল সংসদে উত্থাপনের জন্য একটি বিলের খসড়া করেছে। বিলে ১৮৪০ সালে সই হওয়া ‘ওয়েতাঙ্গি চুক্তিকে’ পুনরায় সংজ্ঞায়িত করার কথা বলা হয়েছে। এ চুক্তিকে নিউজিল্যান্ড প্রতিষ্ঠার ভিত্তি মনে করা হয়। 

নিউজিল্যান্ডের সংসদে বিলটি পাসের সম্ভাবনা নেই বললেই চলে। এরপরও খসড়া বিলটি কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভের জন্ম দিয়েছে। 

গত সপ্তাহে প্রাথমিক বিতর্কের জন্য খসড়া এই বিল নিউজিল্যান্ডের সংসদে উপস্থাপন করা হয়েছে। সংসদ অধিবেশনে বিলের তীব্র বিরোধিতা করেছেন মাওরি আইনপ্রণেতারা। 

নিউজিল্যান্ডের সাবেক রক্ষণশীল প্রধানমন্ত্রী জেনি শিপলে বলেছেন, ‘এটি (খসড়া বিল) নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সামনে বিভক্তির এমন ঝুঁকি তৈরি হয়েছে, যা আমি আমার এই প্রাপ্তবয়স্ক জীবনেও কাটিয়ে উঠতে পারিনি।’ 

উল্লেখ্য, ঔপনিবেশিক ব্রিটিশ শাসক এবং আদিবাসী মাওরি সম্প্রদায়ের ৫৪০ জন গোষ্ঠীপ্রধানের মধ্যে শান্তিচুক্তি হিসেবে ১৮৪০ সালে সই হয়েছিল ওয়েতাঙ্গি চুক্তি। চুক্তিতে মাওরিদের স্বার্থ রক্ষা করা হয়েছে। তাই শতক পুরোনো চুক্তির বিধান বদলে ফেলার উদ্যোগ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছেন না মাওরিরা।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন