Logo

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:২২

অ
জি-২০ সম্মেলনে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি

ছবি : সংগৃহীত।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই অঞ্চলের আরেক দেশ প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সোমবার (১৮ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি-২০ সম্মেলনে যোগদানের সময় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়।

ব্রাজিলিয়ান এই শহরের সামারিটানো হাসপাতালে তার ‘অস্বস্তি বা অসুস্থতার’ চিকিৎসা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পৃথক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বলেছেন, ‘সামান্য অসুস্থতার পর তিনি প্রেসিডেন্ট পেনার সাথে কথা বলেছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি (প্রেসিডেন্ট পেনা) ভালো আছেন এবং মেডিকেল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন।’

প্রসঙ্গত, গত বছরের মে মাসে প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন সান্তিয়াগো পেনা। এরপর একই বছরের ১৫ আগস্ট পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৪৬ বছর বয়সী সাবেক এই অর্থমন্ত্রী।

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন