গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের হুমকি নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫
ছবি : রয়টার্স
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি আগামী শনিবারের মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্ত না করে, তাহলে পুনরায় তীব্র হামলা শুরু করবে দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘হামাস যদি আমাদের বন্দিদের ফেরত না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হবে এবং ইসরায়েলি বাহিনী (আইডিএফ) হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে।’
এর আগে, সোমবার হামাস দাবি করেছিল, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে, বিশেষ করে গাজায় যথেষ্ট ত্রাণ ও তাবু প্রবেশের অনুমতি দেয়নি তারা। এই অভিযোগের প্রেক্ষিতে হামাস তিনজন বন্দির মুক্তি বিলম্বিত করার ঘোষণা দেয়, যা মঙ্গলবারও পুনর্ব্যক্ত করে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে চাপ দিচ্ছেন যেন শনিবারের মধ্যে আরও বেশি বন্দির মুক্তির দাবি জানানো হয়। তবে নেতানিয়াহুর হুমকি শুধুমাত্র নির্ধারিত তিনজন বন্দির মুক্তির ব্যাপারে নাকি সব বন্দির ক্ষেত্রেই প্রযোজ্য, তা এখনো স্পষ্ট নয়।
মঙ্গলবার এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজার আশপাশে আরও সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন, যাতে হামাস যদি বন্দিদের মুক্তি না দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যায়।
প্রসঙ্গত, এখন পর্যন্ত হামাস ২১ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে, বিনিময়ে ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিয়েছে। প্রথম ছয় সপ্তাহের যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাস ৩৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলেছিল।
যদি এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সমঝোতা না হয়, তবে মার্চের শুরুতেই যুদ্ধ আবার শুরু হতে পারে।
এটিআর/

