Logo

আন্তর্জাতিক

রায় শুনেই বিচারকের দিকে জুতো নিক্ষেপ, আদালতে উত্তেজনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১

অ
রায় শুনেই বিচারকের দিকে জুতো নিক্ষেপ, আদালতে উত্তেজনা

ছবি : সংগৃহীত

ভারতের তেলঙ্গানার রঙ্গারেড্ডি জেলা আদালতে গত মঙ্গলবার (ফেব্রুয়ারি) এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পরই ক্ষুব্ধ হয়ে বিচারকের দিকে জুতো ছুড়ে মেরেছেন এক আসামি।

জানা গেছে, খুনের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হয়ে এদিন আদালতে হাজির ছিলেন সর্দার শ্যাম কুর্তি ওরফে কাম সিংহ। চারলাপল্লি কারাগার থেকে নির্ধারিত সময়ে তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে বিচারক যখন যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন, তখনই কাম সিংহ উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি জুতো খুলে বিচারকের দিকে নিক্ষেপ করেন এবং উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যান।

এ ঘটনায় আদালতে উপস্থিত আইনজীবী ও দর্শনার্থীরা হতবাক হয়ে পড়েন। কীভাবে আদালতের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালত কর্তৃপক্ষ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

তবে এটিই প্রথমবার নয়। কিছুদিন আগেও একই আদালতে করণ সিংহ নামে এক আসামি পকসো মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণার পর বিচারকের দিকে জুতো ছুড়ে মারেন। অভিযোগ ছিল, জেলে তার ওপর নির্যাতন চালানো হয়েছে। বিচারক যখন তার বক্তব্য শুনতে চান, তখনই তিনি আচমকা এ ঘটনা ঘটান।

একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে আদালতের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।

সূত্র : আনন্দবাজার অনলাইন

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন