গাজায় ইসরায়েলি হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০২:১৯
ছবি : সংগৃহীত।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে গাজা জুড়ে চলা হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে এবং এই অঞ্চলের বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় দুটি পৃথক আক্রমণে ৮৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৪ হাজার ৯২ জন ব্যক্তি আহত হয়েছেন।
এদিকে বেইত লাহিয়ায় ইসরায়েলের হামলার নিহতদের অধিকাংশই নারী ও শিশু। বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া আল-জাজিরা আরবিকে বলেন, ‘উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরায়েলের হামলার পরে কয়েক ডজন লোকের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে।’
তিনি বলেন, ‘অধিকাংশ মৃতদেহই নারী ও শিশুদের। কিন্তু ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচানোর কোনও উপায় নেই বলেও জানান তিনি। কারণ ইসরায়েলি বাহিনী উত্তর গাজা অবরোধ করে রেখেছে এবং ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের জরুরি কর্মীদের ওই এলাকায় কাজ করতে বাঁধা দিয়েছে।’
এসবি

