Logo

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্রের ভেটো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭

অ
গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে আবারও যুক্তরাষ্ট্রের ভেটো

ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পরিষদের ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র দ্বারা প্রস্তুত করা হয়েছিল এবং এতে অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। 

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি সদস্য রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, বুধবার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দেয়। গত বছরের ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়, খসড়া প্রস্তাবে ৯টি ধারা ছিল। যার প্রথমটি সব পক্ষের দ্বারা অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায়। প্রস্তাবে গাজায় সব বন্দিদের মুক্তি, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা প্রদানের কথা বলা হয়। 

এতে আরও উল্লেখ করা হয় যে, প্রস্তাব গ্রহণের পর তিন সপ্তাহের মধ্যে জাতিসংঘের মহাসচিবকে এর বাস্তবায়ন নিয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিতে হবে। 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালিয়ে ইসরায়েলি সেনাসহ প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনের বেশি মানুষকে বন্দি করে। হামাস তাদের এই আক্রমণকে জেরুজালেমের পুরোনো শহরের আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কার্যক্রমের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। 

এর জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং বিমান হামলা চালানো শুরু করে, যা লেবানন এবং সিরিয়ার কিছু অংশেও বিস্তৃত হয়। পরবর্তীতে গাজার ভেতরে স্থল অভিযান শুরু করে ইসরায়লি বাহিনী। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে উত্তেজনা বৃদ্ধির পর গাজায় এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চার হাজার জন আহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন