Logo

আন্তর্জাতিক

রাশিয়ায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা করল ইউক্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৭

অ
রাশিয়ায় ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলা করল ইউক্রেন

ছবি : সংগৃহীত।

ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর, এই হামলা চালালো ইউক্রেন। ইউক্রেনের হয়ে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা তথা ন্যাটো জোটের দ্বিতীয় কোনো দেশের হামলা এটি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

বুধবার (২০ নভেম্বর) রুশ সামরিক ব্লগারদের সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সীমান্তে অবস্থিত কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপক শব্দ হয়েছে। এতে কমপক্ষে ১৪টি বিশাল বিস্ফোরণ শোনা যায়, যার বেশিরভাগই ক্ষেপণাস্ত্রের মতো তীক্ষ্ণ হুইসেলের মতো। 

একইসঙ্গে রুশপন্থি টেলিগ্রাম চ্যানেল টু মেজর্সের দাবি, ইউক্রেন রাশিয়ান সেনাদের বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তারা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে। যেখানে ‘স্টর্ম শ্যাডো’ লেখা স্পষ্ট দেখা গেছে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দফতর থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে কবে এই ক্ষেপণাস্ত্র কিয়েভকে সরবরাহ করা হয়েছে বা ব্রিটিশ সরকারের এই হামলার পেছনে অনুমতি আছে কি না, তা জানা যায়নি। 

তবে, ধারণা করা হচ্ছে বিদায়ী বাইডেন প্রশাসনের ক্ষমতা হস্তান্তরের আগে আরও জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। কারণ ট্রাম্প প্রশাসন বরাবরই ইউক্রেন যুদ্ধের লাগাম টেনে ধরার পক্ষে। প্রয়োজন হলে রাশিয়ার স্বার্থ অক্ষুণ্ন রেখেই দ্রুত যুদ্ধ শেষ করতে ট্রাম্প।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে বাইডেনের বিদায়ী প্রশাসনের কাছ থেকে সদ্য মঞ্জুর করা সুবিধা নিয়ে রাশিয়ার ভূখণ্ডে ট্যাংকবিরোধী মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় জেলেনস্কি সরকার। 

এদিকে একইদিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচলিত হামলার বিস্তৃত পরিসরের প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের শর্ত কমিয়ে দিয়েছেন। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন