বাংলাদেশ সফরে আসছে মার্কিন শ্রমবিষয়ক প্রতিনিধি দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৯
ছবি : সংগৃহীত।
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং মানসম্মত চাকরি সৃষ্টিতে সমর্থন প্রদানের উদ্দেশ্যে মার্কিন সরকার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। আগামী ২২ থেকে ২৫ নভেম্বর তারিখে ঢাকা সফর করবেন তারা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম. ফে রদ্রিগেজ এবং শ্রম দপ্তরের উপসচিব থিয়া লি।
বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই সফরের সময় প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকার, বেসরকারি খাতের পোশাক উৎপাদক এবং শ্রম ইউনিয়ন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, তারা মার্কিন কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে কীভাবে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সমর্থন দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করবেন।
এ সফরের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমান এবং টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে যুক্তরাষ্ট্র।
এসবি

