বল এখন ইসরায়েলের কোর্টে : হিজবুল্লাহ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৯
ছবি : সংগৃহীত।
যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব তারা পর্যালোচনা করেছে এবং সংসদের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। বুধবার (২০ নভেম্বর) এ কথা জানান তিনি। সেই সাথে তিনি মন্তব্য করেন, ‘বল এখন ইসরায়েলের কোর্টে।’
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
পূর্ব রেকর্ড করা এক বক্তৃতায় কাসেম বলেছেন, ‘হিজবুল্লাহ সংবাদমাধ্যমের কাছে যুদ্ধবিরতি প্রশ্নে তাদের অবস্থান প্রকাশ করবে না।’ তবে তিনি উল্লেখ করেছেন, আলোচনায় তারা দুটি নীতি মেনে চলেন। প্রথমত শত্রুতার সম্পূর্ণ অবসান এবং দ্বিতীয়ত লেবাননের সার্বভৌমত্ব সংরক্ষণ।
গুঞ্জন রয়েছে, যুদ্ধবিরতি হওয়ার পরেও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার চালানোর স্বাধীনতা চায় ইসরায়েল। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, ‘ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করার অনুমতি দেওয়া হবে না।’
কাসেম কঠোরভাবে বলেছেন, ‘হিজবুল্লাহর কাছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়ানোর সক্ষমতা রয়েছে এবং গোষ্ঠীটি যেকোন মূল্য দিতে প্রস্তুত।’
এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ১০০ বিদেশি রাষ্ট্রদূতকে বলেছেন, তারা হিজবুল্লাহর সঙ্গে টেকসই চুক্তি চায়। তবে চুক্তি লঙ্ঘন হলে যে কোনো পদক্ষেপ গ্রহণের অধিকার চায়।
অপরদিকে লেবাননে যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে বুধবার (২০ নভেম্বর) ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন দূত আমোস হোচস্টেইন।
এ সম্পর্কে অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, প্রবীণ রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন।
এসবি

