উত্তর কোরিয়াকে ৭০টিরও বেশি প্রাণী উপহার দিলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৬:০১
ছবি : সংগৃহীত।
উত্তর কোরিয়ার প্রধান চিড়িয়াখানার জন্য একটি সিংহ এবং দুটি বাদামী ভাল্লুকসহ ৭০টিরও বেশি প্রাণী উপহার হিসেবে পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি নিদর্শন এটি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পুতিনের পরিবেশমন্ত্রী আলেকজান্ডার কোজলভ একটি কার্গো বিমানে করে উত্তর কোরিয়ার রাজধানীতে প্রাণীগুলোকে পৌঁছে দেন। কোজলভের অফিস বুধবার (২০ নভেম্বর) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ সংবাদ জানিয়েছে।
কোজলভের কার্যালয় জানিয়েছে, ‘মস্কো থেকে পাঠানো পশুর চালানে দুটি ইয়াক, পাঁচটি কাকাতুয়া এবং বেশ কয়েকটি মথুরা বা ফেজান্ট পাশাপাশি ম্যান্ডারিন হাঁসও অন্তর্ভুক্ত ছিল।’
এর আগে রাশিয়ায় উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা অবস্থান করছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর পরেই উত্তর কোরিয়ায় এমন উপহার পাঠাল রাশিয়া।
তবে এবারই প্রথম রাশিয়া উত্তর কোরিয়ায় প্রাণী পাঠায়নি। চলতি বছরের শুরুতে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪টি ঘোড়া উপহার দিয়েছিলেন। উত্তর কোরিয়ার দেওয়া আর্টিলারি শেলগুলোর জন্য ধন্যবাদ হিসেবে এই উপহার পাঠায় রাশিয়া।
উভয় দেশ পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে পুতিন এবং কিম তাদের জোটকে আরো শক্তিশালী করেছে। গত জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। ওই সফরে পুতিন কিমকে রাশিয়ার তৈরি অরাস লিমোজিন, চা পানের সেট এবং শিল্পকর্ম উপহার দিয়েছিলেন।
এসবি

