ভারতে কাতারের আমির, মোদির বিরল অভ্যর্থনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৩
দুই দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আতিথেয়তার এক বিরল নিদর্শন দেখিয়ে তাকে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার রাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, এটা কাতার আমিরের দ্বিতীয় ভারত সফর। এর আগে তিনি ২০১৫ সালের মার্চে দেশটি সফর করেন।
মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ তামিম। দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদির সঙ্গেও।
বিশেষজ্ঞরা এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। বরাবরই কাতার ও ভারতের মধ্যে গাঢ় বন্ধুত্ব রয়েছে। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কের আরও উন্নতি হয়েছে বলে মনে করছেন তারা।
ভারত চায় পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে। উদ্দেশ্য, জ্বালানির চাহিদা পূরণ করা। সেক্ষেত্রে কাতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পায় নয়াদিল্লি। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের দিকটিও গুরুত্বপূর্ণ। ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল ১৪.০৮ বিলিয়ন মার্কিন ডলার।
সম্প্রতি বিদেশ সফর থেকে দেশে ফিরেছেন মোদি। ফ্রান্স ও আমেরিকায় গিয়েছিলেন তিনি। সেই সফরের অন্যতম আকর্ষণ ছিল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক। অর্থনীতি থেকে বাণিজ্য নানা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে তাদের। এবার কাতারের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও মোদির বৈঠক কতটুকু গুরুত্বপূর্ণ হবে সেদিকে তাকিয়ে বিশেষজ্ঞরা।
বিএইচ/

