Logo

আন্তর্জাতিক

কানাডায় অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী বিমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫০

অ
কানাডায় অবতরণের সময় উল্টে গেল যাত্রীবাহী বিমান

কানাডার ব্যস্ততম টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

ডেল্টা এয়ারলাইন্সের এই ফ্লাইটে ৮০ জনের মতো যাত্রী ছিলেন। তবে নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের বরাতে জানা যায়, জরুরি সেবা প্রদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে। সকল যাত্রী ও ক্রু সদস্যর খোঁজ পাওয়া গেছে। 

এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অর্নজে জানিয়েছে, গুরুতর আহত একটি শিশুকে টরন্টোর সিককিডস হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে অন্যান্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনার কারণ এখনো অজানা। টরন্টোতে তীব্র তুষারঝড় ও বাতাসের কারণে বিমানটি অবতরণে ব্যর্থ হয়। গত সপ্তাহে প্রায় ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারপাত হয়েছিল, যার ফলে বিমানবন্দরের রানওয়ে তুষারে ঢেকে গিয়েছিল।

উল্টে যাওয়া বিমানটি যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস থেকে উড্ডয়ন করেছিল। এটি যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিল। 

বিমানটি টারমাকে উল্টে পড়ে ছিল। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। যাত্রীরা দরজা দিয়ে বের হওয়ার সময় একটি ফায়ার রেসকিউ গাড়ি বিমানটিতে পানি ছিটিয়ে আগুন প্রতিরোধের চেষ্টা করে।

জন নেলসন নামের এক যাত্রী বলেছেন, ‘আমরা অবতরণ করেছি। কিন্তু আমাদের বিমানটি ক্র্যাশ করেছে। এটি উল্টে গেছে। বেশিরভাগ মানুষ ঠিক আছে বলে মনে হচ্ছে।’ 

অন্টারিওর পিল আঞ্চলিক পুলিশের কনস্টেবল সারাহ প্যাটেন বলেছেন, প্রথম প্রতিক্রিয়াদানকারীরা এখনও দুর্ঘটনার পরিস্থিতি নিশ্চিত করছেন। তিনি বলেন, "আমার ধারণা, বেশিরভাগ যাত্রী বেরিয়ে এসেছে এবং নিরাপদ, তবে আমরা এখনও নিশ্চিত করার চেষ্টা করছি, তাই আমরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছি।"

কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ডও জানিয়েছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্তের জন্য একটি দল পাঠাচ্ছে। 

ফ্লাইট অ্যাটেনডেন্টদের একটি ইউনিয়ন জানিয়েছে, তাদের বেশ কয়েকজন সদস্য এই ফ্লাইটে দায়িত্ব পালন করছিলেন। ৮০ জন যাত্রীর মধ্যে আনুমানিক চারজন ক্রু সদস্য ছিলেন। 

অ্যাসোসিয়েশন অফ ফ্লাইট অ্যাটেনডেন্টস এক্স (টুইটার) এ একটি পোস্টে বলেছে, রিপোর্ট অনুযায়ী, কোনো প্রাণহানি ঘটেনি। দয়া করে এই ঘটনা নিয়ে অনুমান করবেন না।

ছবিতে দেখা গেছে, মিতসুবিশি সিআরজে-৯০০এলআর জেটটি টারমাকে উল্টে পড়ে আছে। এর ডানাগুলি আলাদা হয়ে গেছে বলে মনে হচ্ছে। বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।  

এ ঘটনার কারণে টরন্টো পিয়ারসন বিমানবন্দর প্রায় ৯০ মিনিটের জন্য বন্ধ ছিল।

এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ব্যাপক ছাঁটাই নিয়ে এভিয়েশন খাত সংশ্লিষ্টরা হতবাক।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন