Logo

আন্তর্জাতিক

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪

অ
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু

বলিভিয়ার পাহাড়ি রাস্তায় একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

একজন পুলিশ কর্মকর্তার বরাতে বিবিসি বলেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়োকাল্লা জেলায় চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার ফলে বাসটি প্রায় ৮০০ মিটার (২ হাজার ৬২৫ ফুট) নিচে পড়ে যায়।

স্থানীয় একটি হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে বলেছেন, চার শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। বলিভিয়ার পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো অত্যন্ত বিপজ্জনক হিসেবে ‘কুখ্যাত’।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি পোটোসি ও ওরুরো শহরের মধ্যবর্তী স্থানে ঘটেছে। পুলিশ কর্নেল ভিক্টর বেনাভাইডস এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, কর্মকর্তারা বিশ্বাস করেন যে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। চালক হয়তো বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

এটি দক্ষিণ আমেরিকার এই দেশে এ বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইউনিটেল জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বলিভিয়ায় প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। গত মাসে, পোটোসির কাছে আরেকটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দেশে প্রতি বছর গড়ে এক হাজার ৪০০ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন