ছবি : ডয়চে ভেলে
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাস থেকে ৭ যাত্রীকে নামিয়ে গুলি চালিয়ে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রদেশের বরখান জেলার মহাসড়কে এ ঘটনা ঘটে।
বেলুচিস্তানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ওয়াকার খুরশিদের বরাত দিয়ে রয়টার্স জানায়, মঙ্গলবার বেলুচিস্তানের বরখান জেলার মহাসড়কে প্রায় ৪০ জন সশস্ত্র ব্যক্তির একটি দল একাধিক বাস ও যানবাহন আটকে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর সাতজন যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়। নিহতরা সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন।
তবে এখনো এই হত্যার দায় স্বীকার করেনি দেশটির কোনো গোষ্ঠী। এছাড়া কী কারণে তাদের হত্যা করা হয়েছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বন্দুকধারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি বলেছেন, যারা নিরীহ নাগরিকদের জীবন ও সম্পত্তির ক্ষতি করবে, তাদের চড়া মূল্য দিতে হবে।
উল্লেখ্য, গত আগস্ট মাসেও বেলুচিস্তানে একই ধরনের হামলায় ২৩ বাসযাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছিল।
এটিআর/

