ছবি : সংগৃহীত
ডেঙ্গুর বিস্তার রোধে অভিনব এক পদক্ষেপ নিয়েছে ফিলিপাইন। দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিত বা মৃত মশা ধরে জমা দিলেই নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। খবর বিবিসির।
ব্যারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রামপ্রধান কারলিটো সার্নাল জানিয়েছেন, ‘কেউ যদি পাঁচটি মশা জমা দেন, তবে এক পেসো (স্থানীয় মুদ্রা) পুরস্কার পাবেন।’
তিনি জানান, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রাস্তা পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তারের জন্য সহায়ক পানি জমে থাকার স্থানগুলো নষ্ট করা যায়।’
এছাড়া মৃত বা জীবিত মশা এবং মশার লার্ভা জমা দিলেও পুরস্কার পাওয়া যাবে।
ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) এই পদক্ষেপকে স্বাগত জানালেও ডেঙ্গুর বিস্তার রোধে তা সহায়ক হবে কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে মজা করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘এখন মশার খামার হবে।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘শুধু একটি ডানা থাকলে কি মশা ফেরত দেওয়া হবে?’
প্রসঙ্গত, ব্যারাঙ্গে অ্যাডিশনাল হিলসে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি সেখানে ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অঞ্চলজুড়ে ৪৪ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিপাইনে ২৮,২৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি।

