Logo

আন্তর্জাতিক

মিসিসিপিতে সংবাদপত্রের সম্পাদকীয় অপসারণে বিচারকের আদেশ

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫

অ
মিসিসিপিতে সংবাদপত্রের সম্পাদকীয় অপসারণে বিচারকের আদেশ

ছবি : বাংলাদেশের খবর

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ক্লার্কসডেল প্রেস রেজিস্টার সংবাদপত্রে মেয়র ও শহরের নেতাদের সমালোচনা করে প্রকাশিত একটি সম্পাদকীয় অপসারণের আদেশ দিয়েছেন সেখানকার এক বিচারক। এ আদেশকে প্রথম সংশোধনী (First Amendment) লঙ্ঘন বলে অভিযোগ করেছে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করা বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চ্যান্সারি কোর্টের বিচারক ক্রিস্টাল ওয়াইজ ক্লার্কসডেল প্রেস রেজিস্টার পত্রিকার বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করেন। এটি ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ‘গোপনীয়তা ও প্রতারণা জনসাধারণের বিশ্বাস নষ্ট করে’ শীর্ষক সম্পাদকীয়টির সাথে সম্পর্কিত।

ওই সম্পাদকীয়তে শহর কর্তৃপক্ষের সমালোচনা করা হয়, কারণ তারা সংবাদপত্রটিকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়ে কোনো নোটিশ দেয়নি। বৈঠকে সিটি কাউন্সিল অ্যালকোহল, গাঁজা ও তামাকের ওপর প্রস্তাবিত কর নিয়ে আলোচনা করছিল।

সংবাদপত্রটির মূল প্রতিষ্ঠান এমেরিক নিউজপেপার্স-এর প্রেসিডেন্ট ওয়ায়াট এমেরিক এ আদেশকে বিপজ্জনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, একজন বিচারক কোনো শুনানি ছাড়াই সাময়িক নিষেধাজ্ঞা জারি করাটা বিপজ্জনক। আমরা এর বিরুদ্ধে লড়ব। দেখব কোথায় গিয়ে বিষয়টি দাঁড়ায়।

শহর কর্তৃপক্ষ তাদের মামলায় সম্পাদকীয়টিকে মানহানিকর বলে দাবি করেছে। তারা বলেছে, রাজ্য আইনপ্রণেতাদের সঙ্গে নতুন কর প্রস্তাব নিয়ে লবিং করার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণে বিচারকের আদেশের পর বুধবার দুপুরে সম্পাদকীয়টি সংবাদপত্রটির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়।

বিচারক মার্টিন মামলার শুনানির তারিখ ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন।

মেয়র চাক এস্পি বলেন, সম্পাদকীয়টি অন্যায়ভাবে ইঙ্গিত দিয়েছে যে শহর কর্তৃপক্ষ তাদের বৈঠকের মাধ্যমে আইন ভঙ্গ করেছে। তিনি আরও উল্লেখ করেন, সম্পাদকীয়টির একটি অংশ প্রশ্ন তুলেছে, কমিশনাররা বা মেয়র কি সম্প্রদায় থেকে কোনো ঘুষ পেয়েছেন?

তিনি বলেন, আমরা চাই গণমাধ্যম তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক। আমরা চাই যতটা সম্ভব স্বচ্ছতা বজায় থাকুক। শুধু সত্যটাই বলুন। আমার মনে হয়, এটা খুব বেশি কিছু চাওয়া নয়।

ক্লার্কসডেল মেমফিসের প্রায় ৭১ মাইল (১১৫ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত। বিচারকের এ আদেশ মিসিসিপি ও সারাদেশে সংবাদমাধ্যমের পক্ষে কাজ করা সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে।

মিসিসিপি প্রেস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক লেইন ব্রুস বলেন, এটি একটি অবিশ্বাস্য আদেশ। আমরা মনে করি এটি গুরুতর ও ভীতিকর। এ আদেশ স্পষ্টভাবে প্রথম সংশোধনীর লঙ্ঘন। আমরা পুরোপুরি প্রেস রেজিস্টারের অধিকারকে সমর্থন করি। যাতে তারা ক্লার্কসডেলের শহর সরকারের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশ করতে পারে।

রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অফ দ্য প্রেস-এর আইনি কার্যক্রমের সহসভাপতি লিসা জাইকারম্যান আদেশটিকে ‘স্পষ্টতই সেন্সরশিপ এবং নিঃসন্দেহে গুরুতর প্রথম সংশোধনী লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

ইমা/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন