ট্রাম্পের ঘোষণায় টোল থেকে ‘উদ্ধার’ নিউইয়র্ক শহর
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪
বাইডেন প্রশাসনের অনুমোদিত কনজেশন প্রাইসিং বা টোল প্রদান পরিকল্পনা বাতিল করায় নিউইয়র্ক শহর ‘উদ্ধার’ হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কনজেশন প্রাইসিং শেষ। ম্যানহাটন ও পুরো নিউইয়র্ক রক্ষা পেয়েছে। রাজা দীর্ঘজীবী হোন!’
এ পরিকল্পনা অনুযায়ী, চালকদের ম্যানহাটনের নির্দিষ্ট অংশে প্রবেশের জন্য ৯ ডলার টোল দিতে হতো। নিউইয়র্ক সিটি ও রাজ্যের কর্মকর্তারা দাবি করেছিলেন যে এটি যানজট কমাতে এবং বায়ুদূষণ হ্রাস করতে সাহায্য করবে। তবে বিরোধীরা বলেন, এটি সাধারণ মানুষের জন্য একটি অতিরিক্ত বোঝা হয়ে উঠবে।
পরিবহন সচিব শন ডাফি এক বিবৃতিতে বলেন, নিউইয়র্ক স্টেটের কনজেশন প্রাইসিং পরিকল্পনা কর্মজীবী আমেরিকান ও ছোট ব্যবসার মালিকদের জন্য অপমানজনক। প্রত্যেক আমেরিকানের নিউইয়র্ক সিটিতে যাওয়ার অধিকার থাকা উচিত, সেটা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে। এটি যেন কেবল এলিটদের জন্য সংরক্ষিত না হয়।
ট্রাম্পের ‘রাজা দীর্ঘজীবী হোন’ মন্তব্যটি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ পুনরায় শেয়ার করেছেন। এটি এমন সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টস ডে-কে ‘নো কিংস ডে’ হিসেবে পালন করেছে।
ওয়াশিংটন, ডিসি, ও নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন স্থানে এ বিক্ষোভ হয়েছে। অন্যরা হোয়াইট হাউস কর্মকর্তারাও ট্রাম্পকে রাজা হিসেবে চিত্রিত করার বিষয়টি সমর্থন করেন।
হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ টেইলর বুদোভিচ এক্স-এ ট্রাম্পের বার্তার একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। সেখানে ট্রাম্পকে রাজা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে বিরোধীরা দাবি করেন, ট্রাম্প ও তার ধনী সহযোগীরা সংবিধান ও আইনের শাসনকে দুর্বল করার চেষ্টা করছেন। ‘আমেরিকার কোনো রাজা নেই’-এমন প্রতিবাদ জানিয়েছে বিল্ড দ্য রেজিস্ট্যান্স গ্রুপ।
ইমা/এমবি

