নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৪:০৭
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এ পরোয়ানা জারি করেছে।
এ ছাড়া দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
ইসরায়েয়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল নেতানিয়াহু ও এবং গ্যালান্টের বিরুদ্ধে এই পরোয়ানাকে ‘লিগ্যাল বোম্বশেল’ হিসেবে অভিহিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইসিসির প্রাক-বিচার চেম্বার ১ এর তিন বিচারক সর্বসম্মতিক্রমে এই পরোয়ানা জারি করেছেন। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান গত মে মাসে নেতানিয়াহু ও গ্যালান্টকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছিলেন।
দখলদার ইসরায়েল করিম খানের এই অনুরোধের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল। তবে আইসিসির বিচারকরা ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।
আইসিসি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ ঘটানোর অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। বিবৃতিতে আদালত বলেছেন, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে অন্তত ২০২৪ সালের ২০ মে পর্যন্ত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করায় বেঞ্জামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলো। (সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরায়েল)
এমইউ

