যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০২:১৪
ছবি : সংগৃহীত।
ম্যাট গেটজ এর পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে ছিলেন ট্রাম্পের প্রথম প্রশাসনেও।
এর আগে বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গেটজ। সিনেটে নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চান তিনি।
সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন।
এসবি

