ইমরান খানের সরকার পতনে সৌদির হাত ছিল : বুশরা বিবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩৭
ছবি : সংগৃহীত।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ‘ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।’ কারাবন্দি ইমরান খানের স্ত্রী এক ভিডিও বার্তায় এই দাবি করেছেন।
তিনি ভিডিওতে আগামী রোববার (২৪ নভেম্বর) ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল।
পিটিআইয়ে অফিশিয়াল এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিওতে বুশরা অভিযোগ করেন, “সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন মদিনায় ‘খালি পায়ে’ মদিনা জিয়ারতে গিয়েছিলেন, তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ‘তাদের’ ফোন গ্রহণ করতে শুরু করেন।”
এই ‘তাদের’ শব্দের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মূলত সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করেছেন। সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করে বুশরা বিবি অভিযোগ করেন, তারা ইমরান খানের কাজকর্মের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি দাবি করেন, ‘বাজওয়াকে প্রশ্ন করা হয়, এ কেমন মানুষ যাকে আপনি ক্ষমতায় এনেছেন...আমরা এমন ব্যক্তিত্ব চাই না।’
বুশরা বিবি আরও বলেন, ‘এরপর থেকেই তারাই আমাদের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করলেন এবং ইমরান খানকে ইহুদি এজেন্ট আখ্যা দিতে লাগলেন।’
এ সময় তিনি জানান, পিটিআই প্রতিষ্ঠাতা একটি বার্তা পাঠিয়েছেন যে, সবাইকে ২৪ নভেম্বরের প্রতিবাদে যোগ দিতে হবে। এই তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না।
এদিকে সৌদি আরবের প্রতি বুশরা বিবির অভিযোগের পর পাকিস্তান সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই মন্তব্যকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি ‘আত্মঘাতী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছে।
অপরদিকে, জ্যেষ্ঠ পাকিস্তানি সাংবাদিক আনসার আব্বাসী বুশরা বিবির মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, জেনারেল বাজওয়ার কাছাকাছি সূত্রগুলো বুশরা বিবির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা আরও বলেছেন, ‘বাজওয়া ওই সফরের পর কোনো ফোন গ্রহণ করেননি।’
এছাড়া, ইমরান খানের সৌদি আরব সফরের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা তাহির আশরাফি তিনি বুশরা বিবির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা সৌদি আরব সফরে তার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছেন।
এসবি

