Logo

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ইইউ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৫

অ
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ইইউ

ছবি : সংগৃহীত।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। একই সাথে পরোয়ানা জারি করা হয়েছে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও। 

নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) বিশ্বের বিভিন্ন দেশ। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। 

এ সম্পর্কে ইইউ জানায়, তাদের ২৭টি দেশই আইসিসির আইন মানতে বাধ্য। ইতালির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। 

নেদারল্যান্ড জানায়, তারা আইসিসির আইন মানতে বাধ্য। একই সুরে বেলজিয়ামের পক্ষ থেকে বলা হয়, ইউরোপের দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এছাড়াও, যত চুক্তি আছে সব বাতিল করার আহ্বান জানায় দেশটি। 

এর পাশাপাশি, গণহত্যার জন্য ইসরায়েলের সব কর্মকর্তাকে জবাবদিহি করার আহ্বান জানায় তুরস্ক। একইসঙ্গে আইসিসির আইনকে সম্মান জানিয়েছে যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক সব স্বাধীন দেশকে আইসিসির রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। 

তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে এই রায়। যুক্তরাষ্ট্রের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর আইসিসির আর কোনো কিছু করার নেই।

এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে আইসিসি। 

অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী গিডিয়ন সার বলেন, যেসব দেশ এই আইন মানবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সব দেশের রাষ্ট্রদূতকে নির্দেশনা দিয়েছেন তিনি। 

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চলতি বছরের ২০ মে ইসরায়েলি নেতাদের পাশাপাশি হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির কাছে আবেদন জানান এর প্রধান প্রসিকিউটর করিম খান। 

এরপর পরোয়ানা জারিতে বিলম্ব হওয়ায় বারবার তাগিদ দিয়েছেন তিনি। প্রায় ছয় মাস পর বহুকাঙ্ক্ষিত ইসরায়েলি দুই নেতার বিরুদ্ধে সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। 

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের ওই হামলার অজুহাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সেই থেকে একবছরেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। তবে, চলতি মাসের শুরুর দিকে ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেন নেতানিয়াহু।

সূত্র : বাসস।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন