আদানি ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না : হোয়াইট হাউজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৮:৫৪
ছবি : সংগৃহীত।
ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে ঘুষ ও প্রতারণার অভিযোগে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, আদানি ইস্যুতে ভারত এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কূটনৈতিক সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।
শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, ‘ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী অংশীদারিত্ব। তার প্রত্যাশা, সম্পর্কে অবনতি হয় এমন কিছুর আগেই এটি সমাধান করা যাবে।’
কারিন বলেন, ‘স্পষ্টতই আমরা এই অভিযোগগুলো সম্পর্কে সচেতন। আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগগুলোর সুনির্দিষ্ট বিষয়ে এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) এবং ডিওজে (বিচার বিভাগ) ভালো বলতে পারবে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক দৃঢ় রয়েছে। আমি যা বলবো তা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের বিষয়ে। আমরা বিশ্বাস করি যে এটি আমাদের জনগণের মধ্যে সম্পর্ক এবং বৈশ্বিক সমস্যাগুলোর সম্পূর্ণ পরিসরে সহযোগিতার একটি অত্যন্ত শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।’
হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ‘আমরা যা বিশ্বাস করি এবং যে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী তা হল যে আমরা এই সমস্যাটিকে সমাধান করতে থাকবো, যেমন আমাদের সামনে অন্যান্য সমস্যা রয়েছে। আমরা বিশ্বাস করি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সম্পর্ক একটি শক্তিশালী ভিত্তির উপর নির্মিত।’
এর আগে বুধবার (২০ নভেম্বর) গৌতম আদানি এবং তার ছয় সহযোগীর বিরুদ্ধে ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ২ হাজার ২৩৭ কোটি রুপি ঘুষের প্রস্তাব ও তথ্য আড়াল করে বন্ডের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
আদানিদের বিরুদ্ধে আরও অভিযোগ, দুর্নীতির তথ্য আড়াল করে আলোচিত সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বন্ড ইস্যু ও ঋণের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি ডলার সংগ্রহ করে তার প্রতিষ্ঠান।
এদিকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভারতের আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। এ নিয়ে তীব্র বিতর্ক এবং সমালোচনার মুখে পড়েছে ভারতীয় এই প্রতিষ্ঠান।
এসবি

