আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১২:৪৮
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন সেখানকার একটি আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীরের আদালত ভার্চুয়ালি শুনানি শেষে এই আদেশ দেন।
এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। গত ৩০ এপ্রিল তাকে এ মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের আদালতে হাজির করলে তার জামিনের শুনানির সময় আদালত এলাকায় অস্থিরতা চলে। ওইদিনই চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।

