Logo

আইন ও বিচার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সম্পদ জব্দের আদেশ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:১৬

অ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর সম্পদ জব্দের আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান। ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের প্লট-ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছয়টি ব্যাংক হিসাব ও দুইটি কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এর আগে, দুদকের পক্ষে উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরি পাড়ায় ৫ দশমিক ৫৭ কাঠা প্লটের ওপর ৩ হাজার ৪০০ বর্গফুটের চারতলা ভবন, একই এলাকায় ৫ দশমিক ৭৬ শতক জায়গার আলাদা দলিলের দুইটি প্লট ও দুই ইউনিট বিশিষ্ট পুরোনো ভবন, একই এলাকায় ১ দশমিক ৩৪ শতক জমি, পল্লবী এলাকায় ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট। এছাড়াও অবরুদ্ধের আদেশ দেওয়া ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে আছে ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৪৩৬ টাকা।

দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি লুৎফুল তাহমিনা খান ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহমিনাকে অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন। আসামি তাহমিনা নিজ নামীয় এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় একাধিক ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট ৪৩ কোটি ৭৭ লাখ ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন ও মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে।
এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন