Logo

আইন ও বিচার

জুবাইদা রহমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:১৮

অ
জুবাইদা রহমানের সাজার বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে গত ১৪ মে হাইকোর্টে জামিন পান জুবাইদা রহমান। সেদিনই আদালত তার করা আপিল গ্রহণ করেন। শুনানিতে তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। সহযোগিতা করেন আইনজীবী আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহ ও জাকির হোসেন।

গত ১৩ মে জুবাইদা রহমানের সাজা-সংক্রান্ত আপিলের বিলম্ব মওকুফ করেন হাইকোর্ট। মামলার রায়ের বিরুদ্ধে আপিল করতে তিনি ৫৮৭ দিন দেরি করায় আদালতে বিলম্ব মওকুফের আবেদন করেছিলেন। বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ ওই আবেদন মঞ্জুর করেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

২০২৩ সালের ২ আগস্ট মামলার রায়ে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান তারেক রহমানকে দুটি ধারায় মোট ৯ বছরের ও জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন। রায়ে তারেক রহমানকে তিন কোটি টাকা এবং জোবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানাও করা হয়।

গত বছরের ২২ সেপ্টেম্বর সরকার এক আদেশে জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে। সেই গেজেট ১০ অক্টোবর ২০২৪ তারিখে প্রকাশিত হয়। পরে চলতি বছরের ৬ মে দেশে ফিরে আসেন তিনি।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন