Logo

আইন ও বিচার

ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের ভাগ্নে কলমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৯:৪৯

অ
ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের ভাগ্নে কলমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

ঢাকার একটি হত্যাচেষ্টা মামলায় ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি ডিএমপি’র সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাগ্নে এবং আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

রোববার (২৫ মে) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত খিলগাঁও থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, কলম মেম্বার বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে আটক রয়েছেন। মামলার নথিপত্র না থাকায় পূর্ব নির্ধারিত তারিখে শুনানি না হয়ে রোববারের জন্য দিন ধার্য ছিল।

মামলার এজাহার অনুযায়ী, খিলগাঁও থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় কলম মেম্বার ১৪৪ নম্বর এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

গত ২০ এপ্রিল ফরিদপুর শহরের আদালতপাড়া এলাকা থেকে কলম মেম্বারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাছাড়া, গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর ১৩ আগস্ট আলফাডাঙ্গা উপজেলার একটি স্কুলসংলগ্ন এলাকায় একটি সহিংস মিছিলে অংশ নেন বলে অভিযোগ ওঠে। সেই মিছিলে ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। বিস্ফোরক ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায়ও কলম মেম্বার এজাহারভুক্ত আসামি।

ফরিদপুর জেলা পুলিশের নথি অনুযায়ী, ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বার দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক প্রভাব বিস্তারে জড়িত। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় জমি দখল, সালিশের নামে অর্থ আদায়, চাঁদাবাজি ও বদলি বাণিজ্যে সক্রিয় ছিলেন।

সূত্র জানায়, কলম মেম্বারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগও রয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া মৌজায় তার নামে রয়েছে ১৬০ শতাংশ জমি, যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এছাড়া ‘সবুজ ছায়া’ নামে একটি আর্থিক প্রতিষ্ঠানেরও মালিক তিনি, যেখানে প্রায় ১০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি মূলত ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অর্থে পরিচালিত হত এবং উচ্চ সুদে ঋণ বিতরণ করত।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন