জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।
গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হোসেন।
আপিল বিভাগের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে গিয়াসউদ্দিন আল মামুন বলেন, শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া।
২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের ৮ মে ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। মামলায় মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩’শ ৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এই মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ২০১২ সালের ৩০ জুলাই খালাস পায় গিয়াসউদ্দিন আল মামুন। পরে এই মামলায় আপিল বিভাগে যায় দুদক।
ডিআর/এমবি/এমএইচএস

